গোপালগঞ্জের কাশিয়ানীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক প্রদান করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) ২২নং চাপতা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে উপজেলার ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন ও দুপুর ৩ টায় নিজামকান্দী উচ্চবিদ্যালয় এবং রামদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী ৪০ শিক্ষার্থীর মাঝে ৫ হাজার টাকা করে ২ লক্ষ টাকার অনুদানের চেক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনের মধ্যদিয়ে গুণগতমানের শিক্ষা ও বিদ্যালয়ে ছাত্র-ছাত্রি উপস্থিতি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এই শিক্ষা নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা দেশের সুনাগরিক হিসাবে গড়ে উঠবে।
তিনি আরো বলেন, পড়াশোনার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটে। তার পাশাপাশি যদি তাদেরকে পুষ্টিকর খাবার সরবরাহ করা হয়। তাহলে তার মধ্য দিয়ে তাদের শারীরিক স্বাস্থ্যের বিকাশ ঘটবে এবং শিক্ষার্থীরা স্কুলমুখী হবে শতভাগ, পড়াশোনায় হবে মনোযোগী। আমরা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করতে চাই।
কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উত্তম কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগম, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খাদ্য কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা সিফাত আজাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহীদুল আলম মুন্না।
অনুষ্ঠানে বলা হয়, এই কার্যক্রম ২০২৭ সাল পর্যন্ত। দেশের নির্বাচিত ১৫০টি উপজেলায় মোট ১৯ হাজার ৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩১ লাখ ১৩ হাজার শিক্ষার্থীকে সপ্তাহের পাঁচ দিন ফর্টিফাইড বিস্কুট, কলা বা মৌসুমী ফল, বনরুটি, ডিম এবং ইউএইচটি দুধ তথা পুষ্টিকর খাবার দেওয়া হবে।
উল্লেখ্য, কাশিয়ানী উপজেলার ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট প্রায় ২০ হাজার শিক্ষার্থীকে পর্যায়ক্রমে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় আনা হবে।